কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকসে আবারো দেশের দ্রুততম মানব ও মানবী হয়েছেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার।
শুক্রবার (২৩ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে পুরুষদের ১০০ মিটার দৌড় ১০.৫৩ সেকেন্ডে শেষ করে প্রথম হন ইমরানুর রহমান। ১০.৬৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল। ১০.৭৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর তারেক রহমান।
নারীদের ১০০ মিটার দৌড়ে ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে শীর্ষস্থান দখল করেন শিরিন আক্তার। ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর শরীফা খাতুন। ১২.৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হন নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান।
জয়ের পর শিরিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রথম হয়ে ভালো লাগছে।’ তাঁর আশা, এই পারফরম্যান্স সাফ প্রতিযোগিতার প্রস্তুতিতেও অনুপ্রেরণা জোগাবে।
অন্যদিকে অ্যাথলেটদের সুযোগ-সুবিধা উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ইমরানুর রহমান। আয়োজকদের প্রত্যাশা, অ্যাথলেটদের জন্য মানসম্মত আবাসন, পুষ্টিকর খাবার ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করা গেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ বাড়বে এবং নতুন প্রতিভা উঠে আসার সুযোগ তৈরি হবে।
সানা/আপ্র/২৪/১০/২০২৬