ভাষা মানুষের চিন্তা, অনুভূতি ও আবেগ প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। এটি যেমন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও সুসম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে; তেমনি এর অপব্যবহার তথা একটি তির্যক মন্তব্য, অবমূল্যায়নমূলক কথা বা বিষাক্ত কটূক্তি মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে বছরের পর বছর ধরে গড়ে ওঠা বিশ্বাস। শব্দের শক্তি দ্বিমুখী। একটি কোমল বাক্য যেমন ভেঙে পড়া মনকে আশার আলো দেখাতে পারে, তেমনি একটি তীক্ষè ও অবমাননাকর শব্দ মুহূর্তের মধ্যেই একজন মানুষের আত্মসম্মান এবং আত্মবিশ্বাসকে ভেঙে দিতে পারে। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; মানুষের অনুভূতি, সম্পর্ক ও ব্যক্তিত্ব গঠনেরও গুরুত্বপূর্ণ ভিত্তি। এ বিষয় নিয়েই এবারের লাইফস্টাইল পাতার প্রধান ফিচার
হেয় করে কথা বলা, তাচ্ছিল্য করা বা অপমানজনক ভাষা ব্যবহার এক ধরনের মানসিক নির্যাতন, যা ব্যক্তির আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং সামাজিক সম্পর্ককে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করে। অনেক সময় একটি কষ্টদায়ক কথা শারীরিক আঘাতের চেয়েও বেশি মানসিক কষ্ট দেয়। পরিবার, স্কুল, কর্মক্ষেত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় করে কথা বলার ঘটনা এখন খুবই সাধারণ। আর এই শব্দ যখন প্রকাশের মাধ্যম না হয়ে কারো আত্মসম্মানকে চূর্ণ করার অস্ত্র হয়ে ওঠে, তখন তা এক ধরনের অদৃশ্য অত্যন্ত ক্ষতিকর মানসিক সহিংসতায় রূপ নেয়। ফলে আত্মসম্মান কমে যায়, মানসিক চাপ বাড়ে এবং ব্যক্তি দীর্ঘমেয়াদে মানসিক সমস্যায় ভুগতে পারে। তাই শব্দের অপব্যবহার ও এর মনস্তাত্ত্বিক প্রভাব সম্পর্কে জানা খুবই জরুরি।
শব্দের অপব্যবহার বা হেয়প্রতিপন্নমূলক কথা বলতে বোঝায় এমন ধরনের মৌখিক আচরণ, যা ইচ্ছাকৃতভাবে বা অবলীলায় অন্যকে ছোট করতে, তার আত্মসম্মানে আঘাত হানতে কিংবা তাকে মানসিকভাবে পঙ্গু করে দিতে ব্যবহার করা হয়। এটি হতে পারে তীব্র চিৎকার, অপমানজনক শব্দচয়ন, ক্রমাগত সমালোচনা, উপহাস কিংবা পরোক্ষ কটূক্তি। অনেকে শারীরিক নির্যাতনকে অপরাধ মনে করলেও এই আক্রমণকে হালকাভাবে নেন। অথচ মনস্তাত্ত্বিকদের মতে, শব্দের অপব্যবহার ক্ষত মানুষের অবচেতন মনে দীর্ঘদিন গেঁথে থাকে এবং সামাজিক বিশৃঙ্খলা বাড়ে। এর নির্দিষ্ট কিছু প্রভাব হলো-
বিশ্বাসের সংকট ও সামাজিক বিশৃঙ্খলা: বারবার অপমানজনক কথা শুনলে একজন ব্যক্তির অন্যের প্রতি বিশ্বাস কমে যায় এবং সামাজিক বিশৃঙ্খলা বেড়ে যায়। অনেক সময় এর ফলে ব্যক্তি মধ্যে একাকীত্ব, উদ্বেগ ও বিষণ্নতার ঝুঁকি বৃদ্ধি পায়।
আত্মমর্যাদার পতন ও হীনম্মন্যতা: অপমানজনক ভাষা ব্যক্তি বারবার শুনতে শুনতে একসময় বিশ্বাস করতে শুরু করেন যে তিনি আসলেই অযোগ্য, বোকা বা মূল্যহীন। এর ফলে তার আত্মমর্যাদাবোধ একেবারে কমে যায়।
অতিরিক্ত উদ্বেগ এবং ভয়: ট্রমার প্রভাবে মানুষ সবসময় একধরনের আতঙ্কে ভোগে। তিনি মনে করেন, কখন কার দিক থেকে আবার আঘাত আসবে। এই নিরাপত্তাহীনতা তাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে।
আচরণগত পরিবর্তন: ট্রমাগ্রস্ত ব্যক্তি অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়েন অথবা পুরোপুরি গুটিয়ে যান। সামান্য কথাতেই তারা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান কিংবা পুরোপুরি কথা বলা কমিয়ে দেন।
সামাজিক সম্পর্কের ভাঙন: অপমানজনক কথা মানুষের সামাজিক সম্পর্কের উপর সবচেয়ে নেতিবাচক প্রভাব ফেলে। একটি সুস্থ সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি এবং নিরাপদ অনুভূতি। যখন কোনো সম্পর্কে এই আক্রমণ নিয়মিত ঘটনায় পরিণত হয়, তখন সেখানে সম্পর্কের ভাঙন অনিবার্য হয়ে ওঠে। শিশুরা এমন পরিবেশে বড় হলে তারাও মানসিক ভারসাম্যহীনতার শিকার হয়।
বন্ধুত্ব ও কর্মক্ষেত্রে বিচ্ছিন্নতা: কর্মক্ষেত্রে বসের বা সহকর্মীর কটূক্তি কর্মচারীকে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে, যা কাজের স্পৃহা ও উৎপাদনশীলতা কমিয়ে দেয়। বন্ধুত্বের সম্পর্কে অহংকার ও টিপ্পনী বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেয়।
অপমানজনক ভাষা ব্যবহারের কারণ: কেন মানুষ অন্যকে হেয় করে কথা বলে? এর পেছনে কিছু নির্দিষ্ট মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ কাজ করে। তা হলো-
পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব: কিছু পরিবার বা সমাজে হেয় করে কথা বলাকে স্বাভাবিক আচরণ হিসেবে দেখা হয়। ফলে মানুষ বুঝতেই পারে না যে এটি অন্যের জন্য ক্ষতিকর। আর যেসব পরিবারে নিয়মিত গালাগাল বা অপমানজনক ভাষা ব্যবহার হয়, সেখানে বেড়ে ওঠা শিশুরাও একই আচরণ শিখে। আবার অনেক শিশু হয়তো পরিবার থেকে অপমানজনক ভাষা শেখে না। কিন্তু স্কুলে শিক্ষক, সহপাঠী বা বন্ধুদের কাছ থেকে এ ধরনের ভাষার ব্যবহার শিখতে পারে। এর ফলে শিশুর মধ্যে ধীরে ধীরে মানসিক অস্বস্তি, নেতিবাচক যোগাযোগের অভ্যাস, আক্রমণাত্মক আচরণ ও সহপাঠীদের প্রতি অসম্মান তৈরি হতে পারে।
রাজনৈতিক আলোচনায় কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ: বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ, মতপার্থক্য এবং সামাজিক বিভাজন বর্তমানে মানুষের ভাষা ব্যবহারের ধরনকে প্রভাবিত করছে। যখন রাজনৈতিক আলোচনায় যুক্তি ও তথ্যের পরিবর্তে আবেগ, বিরোধিতা এবং ব্যক্তিগত আক্রমণ প্রাধান্য পায়, তখন অপমানজনক ভাষার ব্যবহার বৃদ্ধি পায়। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মতবিরোধের কারণে আক্রমণাত্মক মন্তব্য ও অপমানজনক শব্দের ব্যবহারও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে তরুণ প্রজন্মের অনলাইন সংস্কৃতি এই ভাষা ব্যবহারের ধরনকে প্রভাবিত করছে। দ্রুত পরিবর্তনশীল স্ল্যাং, নতুন শব্দ, মিম, ইমোজি ও ব্যঙ্গাত্মক প্রকাশভঙ্গি ডিজিটাল যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। তবে এসব ভাষার অতিরিক্ত ও অসচেতন ব্যবহার অনেক সময় বাস্তব জীবনেও অপমানজনক ভাষা ব্যবহারের অভ্যাস তৈরি করছে।
লুকানো হীনম্মন্যতা ও নিরাপত্তাহীনতা: মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, যারা নিজের ভেতরে কোনো না কোনো ঘাটতি বা হীনম্মন্যতায় ভোগেন, তারা অন্যকে ছোট করে নিজের অবস্থানকে ওপরে তুলতে চান। এটি তাদের এক ধরনের মনস্তাত্ত্বিক ডিফেন্স মেকানিজম। বর্তমানে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক মন্তব্য, কটূক্তি ও সাইবার বুলিং এই মানসিক ও সামাজিক সমস্যাকে আরও তীব্র করে তুলছে। মনোবিজ্ঞানী আলফ্রেড অ্যাডলারের মতে, মানুষ যখন নিজের ভেতর কোনো দুর্বলতা অনুভব করে, তখন সে শ্রেষ্ঠত্ব অর্জনের মিথ্যা অহংকার তৈরি করে। অন্যকে হেয় করা আসলে এই কৃত্রিম শ্রেষ্ঠত্ব প্রদর্শনেরই একটি পথ।
সহমর্মিতা ও আবেগীয় বুদ্ধিমত্তার অভাব: শৈশবের পরিবেশ, পারিবারিক শিক্ষা কিংবা ব্যক্তিত্বের বিকাশগত সীমাবদ্ধতার কারণে অনেক মানুষের মধ্যে অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা বা সহমর্মিতা পর্যাপ্তভাবে গড়ে ওঠে না। ড্যানিয়েল গোলম্যানের আবেগীয় বুদ্ধিমত্তা তত্ত্ব (১৯৯৫) অনুযায়ী, আত্মনিয়ন্ত্রণ, সহমর্মিতা এবং সামাজিক দক্ষতার অভাব মানুষের আচরণকে আক্রমণাত্মক করে তুলতে পারে।
ক্ষমতা ক্ষোভ ও হতাশার স্থানান্তর: সামাজিক যোগাযোগমাধ্যম, সম্পর্ক বা কর্মক্ষেত্রে অপর পক্ষকে নিজের নিয়ন্ত্রণে বা চাপে রাখতে অনেকে ইচ্ছাকৃতভাবে অবমাননাকর ভাষা ব্যবহার করে। আবার নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারলেও অনেক সময় মানুষ অন্যকে অপমান করে কথা বলে। ব্যক্তিগত জীবনের ব্যর্থতা, কাজের চাপ বা জমে থাকা ক্ষোভ মানুষ নিরাপদ মনে হওয়া কোনো ব্যক্তির ওপর মৌখিক আক্রমণের মাধ্যমে প্রকাশ পায়। এভাবে অপমানজনক ভাষা ব্যবহার ধীরে ধীরে অন্যকে হেয়প্রতিপন্ন করার আচরণে পরিণত হয়।
নেতিবাচক চিন্তাভাবনা ও মানসিক দৃষ্টিভঙ্গি: জ্ঞানীয় তত্ত্ব অনুযায়ী, মানুষের চিন্তাভাবনা ও বিশ্বাস তার আচরণকে সরাসরি প্রভাবিত করে। যাদের মনে অন্যদের সম্পর্কে নেতিবাচক ধারণা, সন্দেহ বা বৈরী চিন্তা বেশি থাকে, তারা সহজেই অপমানজনক ভাষা ব্যবহার করতে পারে। একইভাবে, যারা দীর্ঘদিন ধরে অপমানজনক কথা শুনতে শুনতে বড় হয়, তারা নিজের সম্পর্কেও নেতিবাচক বিশ্বাস গড়ে তোলে- যা তাদের আত্মসম্মান ও মানসিক সুস্থতাকে ক্ষতিগ্রস্ত করে।
কেএমএএ/আপ্র/০৩.০৮.২০২৬