বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব আলোচিত মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, মাহদীকে বিদেশে যেতে দেওয়া হয়নি। তাঁর বিদেশ ভ্রমণের বিষয়ে আপত্তি রয়েছে বলেও জানান তাঁরা।
মাহদী হাসান নিজেও গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আজ আমার ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি ছিল রাত ৯টা ৩৫ মিনিটে। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি।”
মাহদীর দাবি, সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। দেশের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। পরে তিনি বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান। তবে এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সানা/আপ্র/৯/১০/২০২৬